ঈদযাত্রায় ভাড়া অনিয়মে জাতি লজ্জিত: জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদযাত্রায় ভাড়া অনিয়মের ঘটনায় জাতি হিসেবে লজ্জিত বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মানুষের যাতায়াতে স্বস্তি নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে ব্যর্থতা দেখা গেছে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মনিপুর গার্লস হাই স্কুল মাঠ–এ ঈদের নামাজ শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: রংপুরে দলীয় কোন্দল ও ‘আঁতাতের’ অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

জামায়াত আমির বলেন, ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে এবং এ সময় শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা থাকে স্বাভাবিক দৃশ্য। তবে অতীতের তুলনায় এবারের ঈদযাত্রায় সমস্যা আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভাড়া নিয়ে যে অনিয়ম ও বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর ভিন্নমুখী বক্তব্য জাতিকে বিব্রত করেছে।

তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষই বেশি গ্রামে যান এবং তারা সারা বছর সামান্য সঞ্চয় করে ঈদে পরিবারের কাছে ফেরেন। সেই অর্থের বড় অংশ যদি যাতায়াত ব্যয়ে শেষ হয়ে যায়, তবে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এ ধরনের পরিস্থিতিকে তিনি অমানবিক উল্লেখ করে নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর সাথে ইফতারে বিএনপি কর্মী হত্যার আসামি নিয়ে ক্ষোভ

ডা. শফিকুর রহমান বলেন, ঈদযাত্রা আরামদায়ক ও নিরাপদ করা সংশ্লিষ্টদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা নিশ্চিত করতে পারেননি।

এ সময় তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে এবং তাদের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে।

শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান তিনি।