সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে আরিফার আবেগঘন পোস্ট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:২১ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ প্রতিক্রিয়া প্রকাশ করেন।

পোস্টে তিনি মনোনয়ন না পাওয়াকে নিজের জন্য গভীর মানসিক কষ্টের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়া তার কাছে মৃত্যুর মতো যন্ত্রণাময় অনুভূতি। একই সঙ্গে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রাম, গ্রেফতার, মামলা ও ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরেন।

আরও পড়ুন: কনকচাঁপাকে নিয়ে মন্তব্য করা নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির মনোনয়ন

তিনি আরও লেখেন, রাজনৈতিক জীবনে বহুবার গ্রেফতার হয়েছেন, মামলা ও জেল খেটেছেন এবং তার বাড়িতে একাধিকবার ভাঙচুর হয়েছে। আইন পেশায় ভালো উপার্জন থাকা সত্ত্বেও রাজনীতির জন্য সব অর্থ ব্যয় করেছেন বলে উল্লেখ করেন তিনি। পারিবারিক জীবনের ত্যাগের কথাও তুলে ধরে তিনি জানান, রাজনীতির কারণে পরিবারকেও নানা কষ্টের মধ্যে পড়তে হয়েছে।

আরিফা জেসমিন নাহিন লেখেন, ১৯৮৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার রাজনৈতিক জীবন স্বাভাবিক ছিল না এবং তিনি নিজের ব্যক্তিগত জীবন ও পারিবারিক স্বাচ্ছন্দ্য অনেকাংশে ত্যাগ করেছেন।

আরও পড়ুন: সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুঁই

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, আল্লাহ উত্তম ফয়সালাকারী। তিনি মনোনয়ন না পাওয়াকে মেনে নিয়ে তার শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং উল্লেখ করেন যে আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন।