ফ্যাসিবাদী শক্তি পুরোপুরি নির্মূল হয়নি: জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তিনি অভিযোগ করেন, এসব শক্তি বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (২৪ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের ইতিহাস মুসলিম উম্মাহকে আত্মত্যাগ ও মানবকল্যাণে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, সামাজিক বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

জামায়াত আমির দাবি করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করতে একটি মহল নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।

বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।