ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২৯ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী আরও কয়েকজন নেতাকেও সদস্যপদের ফরম সংগ্রহ করতে দেখা যায়।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ইসলামি ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। ছাত্রশিবিরে তিনি সর্বশেষ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

এদিকে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুন মাসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়েছে।

তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার সভায়। এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কোনো আনুষ্ঠানিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

অন্যদিকে দলটির আরেকটি সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামই সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে এ বিষয়ে দলীয় আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।