জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ফেরেশতাদের দল’ নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদেরও ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও জামায়াত একসঙ্গে চলতে পারে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত দলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।”
তিনি বলেন, এর অর্থ এই নয় যে জামায়াতের কোনো ভুল বা অপরাধ হয় না। দলের কেউ অন্যায় করলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।”
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যাদের ওপর জনগণের আস্থা রয়েছে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”
তিনি আরও বলেন, কোনো নেতাকর্মীর ক্ষেত্রে সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে অপরাধ গুরুতর হলে দল কঠোর সিদ্ধান্ত নেবে।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। আর সেই বার্তা আমারসহ আমাদের সবার জন্য—সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান।”





