কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে যাত্রা করে। বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন রিজভী।

আরও পড়ুন: স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের আয়োজনে কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। বর্তমান পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ সম্মেলনে যোগদান বিশেষ তাৎপর্য বহন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশজুড়ে খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মতো পরিবেশবান্ধব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পেয়েছিল।

আরও পড়ুন: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

পরিবেশগত সংকটের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনার মধ্য দিয়ে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন। পরিবেশদূষণে বাংলাদেশের অবদান সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক তহবিল থেকে ন্যায্য অধিকার আদায়ে কপ-৩১ সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁর।

এদিকে প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। অথচ জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা করতে হচ্ছে এ দেশের মানুষকে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কারও দয়া বা করুণা চায় না, বরং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ন্যায়বিচার প্রত্যাশা করে। বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশগুলোর কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।