যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বেড়েছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার কেন্দ্র না হয়ে ব্যবসা ও অতিমুনাফা অর্জনের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি বলেন, একটি দেশে কতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, শুধু সেই সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য বিচার করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, দক্ষ ও যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি। দেশের শিক্ষাব্যবস্থাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বৈষম্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে শিক্ষা বিভিন্ন ধারায় বিভক্ত। এসব ধারার মধ্যে শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতায় ব্যাপক পার্থক্য রয়েছে। এই বৈষম্য দূর করতে বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি।

আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তবে এ ক্ষেত্রে দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিস্মৃত হওয়া যাবে না বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি এবং বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন। তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ কর্মী, উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, প্রযুক্তির অগ্রগতিতে কর্মজগতের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা নিয়ে মানুষ কাজ করছে, কয়েক বছর পর একই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে।

এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই চলবে না। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকারও।

তিনি বলেন, ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রকে বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে। তাই দেশ ও পরিবারের প্রত্যাশাও তাদের কাছে বেশি।

একজন স্নাতকের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তিনি অন্য মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই তার সাফল্যের প্রকৃত মূল্যায়ন। এ সময় শিক্ষার্থীদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।