বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় কোয়াব থেকে পদত্যাগ খালেদ মাসুদ পাইলটের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩২ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়া।

রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন পাইলট। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মান ও গর্বের বিষয় ছিল।

আরও পড়ুন: বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

তবে উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য কোয়াবের দায়িত্ব ত্যাগ করে বিসিবি পরিচালনায় মনোনীত হওয়া তার জন্য উপযুক্ত মনে করছেন তিনি। তাই অবিলম্বে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

পাইলট কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। এরপর ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

নির্বাচনের ফলাফলে মোট ৪৫ ভোটের মধ্যে ৪৩টি গণনা হয়। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে খালেদ মাসুদ পাইলট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পান মাত্র ৭ ভোট।