উত্তর কোরিয়ার কাছে ৫ গোলের হার বাংলাদেশের নারীদের
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
শুক্রবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে উত্তর কোরিয়া। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দুর্দান্ত সেভ করলেও শেষ পর্যন্ত বড় হার এড়ানো যায়নি।
আরও পড়ুন: জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির দৌড়ে ভারত
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১১২, আর উত্তর কোরিয়ার ৯। র্যাংকিং ও শক্তিমত্তার দিক থেকে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের এই হারকে অস্বাভাবিক মনে করছেন না ফুটবল বিশ্লেষকরা।
ম্যাচের প্রথমার্ধেই একাধিক সুযোগ তৈরি করে উত্তর কোরিয়া। তাদের তিনটি গোল ভিএআরে বাতিল হয়—একটি হ্যান্ডবল, একটি ফাউল এবং আরেকটি অফসাইডের কারণে। তবে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার বক্সে ফাউল করলে পেনাল্টি পায় উত্তর কোরিয়া এবং সেখান থেকে এগিয়ে যায় তারা। এর কিছুক্ষণ পর ডিফেন্সের ভুলে আরেকটি গোল করে প্রতিপক্ষ দল।
আরও পড়ুন: স্যান্টনার-রাচিন ঝড়ে লঙ্কানদের বিদায়, ৬১ রানে জিতল নিউজিল্যান্ড
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে উত্তর কোরিয়া। ৬৩ ও ৬৪ মিনিটে টানা দুটি গোল করে তারা। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল হলে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।
চীনের বিপক্ষে আগের ম্যাচে কয়েকটি পাল্টা আক্রমণ করতে পারলেও এই ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে কোনো শটও নিতে পারেনি লাল-সবুজের দল। ঋতুপর্ণা চাকমা বক্সের আশপাশে থাকলেও পর্যাপ্ত বলের জোগান পাননি।
ম্যাচ চলাকালে কোচ পিটার বাটলার একাধিক পরিবর্তন আনেন। প্রথমার্ধেই আনিকা, স্বপ্না ও উমহেলাকে নামানো হয়। দ্বিতীয়ার্ধে নবীরনের পরিবর্তে উন্নতি খাতুনকে মাঠে নামান তিনি।
দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে উত্তর কোরিয়া। বাংলাদেশকে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট পেতে হবে। এরপরও সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে উঠতে হলে অন্য গ্রুপের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।





