৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচিত ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির লাইসেন্স বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

আরও পড়ুন: ৪০ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারাল বাংলাদেশ

এর আগে বুধবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়। হাসপাতালের জবাবে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও অস্পষ্টতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে কখন কী থাকছে?

পরে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অযোগ্যতা, পর্যাপ্ত চিকিৎসা তদারকির অভাব এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয় উঠে আসে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাস ও কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। এছাড়া নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি।

তদন্তের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য খাতের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং রোগীদের নিরাপত্তা রক্ষায় এ ধরনের ঘটনায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।