বাংলাদেশ-ভারত সাইবার ঝুঁকি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:১৯ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৩
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সাইবার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে দেশ দু’টি যৌথভাবে সাইবার ড্রিল এবং সক্ষমতা উন্নয়নের কর্মশালার আয়োজন করবে বলে আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ভারতের নয়া দিল্লিতে সার্ট ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সার্ট ইন্ডিয়া) মহাপরিচালক ড. সঞ্জয় বাহলের দ্বিপাক্ষিক বৈঠককালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ

একই দিনে আইসিটি প্রতিমন্ত্রী পলক বিশ্বজুড়ে ব্যাংকিংসহ নানা ডিজিটাল সেবা প্রধানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল এর নয়া দীল্লির গীতা নগরিতে অবস্থিত কাস্টমার সার্ভিস সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও প্রতিমন্ত্রী ভারতের জাতীয় পরিচয়পত্র দেখভালকারী প্রতিষ্ঠান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউডিএআই) এর প্রধান নির্বাহী কর্নেল নিখিল সিনাহার সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?

দ্বিপাক্ষিক বৈঠকে আধার সিস্টেমের কারিগরি ও ব্যবস্থাপনার মাধ্যমে ভারতীয় নাগরিকরা, নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে তা তুলে ধরা হয়। বাংলাদেশের এনআইডি সিস্টেমকে আরো ভবিষ্যতমুখী এবং অধিকতর ভাল্যু অ্যাডেড সল্যুশন অন্তর্ভূক্ত করার বিষয়েও মতামত ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।