কুয়াশার কারণে ঢাকায় অবতরণ ব্যর্থ, ৫ ফ্লাইট ডাইভার্ট হয়ে গেল কলকাতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাত থেকে বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। দৃশ্যমানতা কমে যাওয়ায় রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় অন্তত পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব ফ্লাইট কলকাতায় ডাইভার্ট করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ হাজী নিয়ে জেদ্দার পথে প্রথম যাত্রা

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ১টার পর থেকেই কুয়াশার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হতে শুরু করে। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ডাইভার্ট করা হয়।

একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আগত ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের তুলনায় ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন: কারওয়ান বাজারে হঠাৎ থেমে গেল মেট্রোরেল চলাচল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কুয়াশার কারণে কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে। তবে বিমানবন্দর সূত্রে আরও কয়েকটি ফ্লাইট ডাইভার্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে পারে।