শাহজালাল বিমানবন্দরে অনুমতি ছাড়াই ড্রোন উড্ডয়ন, হাতেনাতে জব্দ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৫৬ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়াই ড্রোন উড্ডয়নের একটি ঘটনা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হয়েছে। এ সময় একটি ড্রোন হাতেনাতে জব্দ করা হয়।

ঘটনাটি ঘটে গত ৪ এপ্রিল সন্ধ্যা ৮টা ৩৭ মিনিটে। জানা গেছে, SAFF Championship-এর খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি উড্ডয়ন করা হচ্ছিল।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথম জাতীয় পতাকা

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত ড্রোনটির মডেল ‘DJI Mavic 4 Pro’। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পূর্বানুমতি ছাড়া পরিচালনা করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।

উল্লেখ্য, “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০” অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন: রাজধানীতে আজ মেট্রোরেল চলাচল বন্ধ, পরদিন থেকে স্বাভাবিক চলাচল

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।