আজ দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা
দিন দিন বাড়ছে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ। ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। বিশ্বের ১২৫টি শহরের বায়ুদূষণের তালিকায় আজ দ্বিতীয় স্থানে ঢাকা। অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৩ মিনিটে বায়ু মানের সূচকের (একিউআই) তথ্য অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ৩০০ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।
এ ছাড়া একিউআই স্কোর ৩২১ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঘানার আক্রা। ২৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ২৩৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক
তথ্যমতে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।
আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।





