নতুন বছরের প্রথম দিনে ১৭ জেলায় শৈত্যপ্রবাহ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন বছরের প্রথম দিন দেশের ১৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল শুক্রবার থেকে কিছু কিছু জায়গায় এই শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি জেলা থেকে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।