আবারও বাড়তে পারে শীত, শিলাবৃষ্টির আশঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কনকনে শীতের তীব্রতা কিছুটা কমে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। এ অবস্থায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে আবারও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। একই সঙ্গে এ মাসে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। একই সময়ে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

এদিকে চলতি মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। পাশাপাশি দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।