দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি পরিবর্তনের এই সময়টিতে স্থানীয়ভাবে কালবৈশাখী ধরনের ঝড় ও বজ্রবৃষ্টি দেখা দেওয়ার প্রবণতা বাড়ে। তাই নদীপথে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।