ঢাকায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কয়েক দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশের পর গত বুধবার এই অঞ্চলে কালবৈশাখী আঘাত হানে। এর ধারাবাহিকতায় আজও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।
আরও পড়ুন: রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
এছাড়া দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩ মিনিটে।





