সক্রিয় ‘বৃষ্টিবলয় গর্জন’: ঢাকাসহ ৮ বিভাগেই কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫১ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘গর্জন’। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা দেশজুড়ে আবহাওয়া সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে ভয়ংকর কালবৈশাখী ঝড়। সেই সাথে বজ্রবৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি (BWOT)।

বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পাশাপাশি বিডব্লিউওটির বিশেষ বার্তায় জানানো হয়, ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি হওয়া বজ্রমেঘ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল হয়ে প্রবেশ করতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে দেশের ৮ বিভাগেই বজ্রসহ ঝড়ের উচ্চ সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি।

আরও পড়ুন: দেশে প্রবেশ করছে বৃষ্টিবলয় ‘গর্জন’

বিডব্লিউওটির বার্তায় আরও বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি বজ্রমেঘ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রকাণ্ড কালবৈশাখী ঝড়ে পরিণত হতে পারে। আর রাতের দিকে এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। 

এ অবস্থায় রাত্রিকালীন নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। এছাড়া, নদীপথের জলযানগুলোকে ঝড়-বৃষ্টির আলামত দেখে নিরাপদে চলাচলেরও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এদিকে ঢাকাসহ সারাদেশে অন্তত দুই দিনব্যাপী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও।   

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এ সময়ে।