তাপপ্রবাহের মধ্যেই সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে গরম
টানা তাপপ্রবাহের মধ্যেই আজ রোববার দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত বাড়তে পারে, ফলে ধীরে ধীরে তাপমাত্রা কমে স্বস্তি ফিরতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় ২৮ মিলিমিটার, রংপুরে ১৭, রাজারহাটে ১০ এবং শ্রীমঙ্গলে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সিলেট, নেত্রকোনা ও সৈয়দপুরেও অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুন: তীব্র গরমের মাঝেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়াবিদদের মতে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি খুলনাসহ বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বৃষ্টির কারণে তা কমতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
আরও পড়ুন: ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগের বছরগুলোর মতো টানা দীর্ঘ তাপপ্রবাহের সম্ভাবনা এবার কম। কারণ, তাপপ্রবাহের মধ্যেই মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে।





