বাড়বে গরম, ৮-১০ দিনের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে আগামী ৮ থেকে ১০ দিন রোদ ও গরমের তীব্রতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহও দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। কোথাও কোথাও হঠাৎ বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দিনের বড় একটি সময়জুড়ে রোদ ও ভ্যাপসা গরম বিরাজ করতে পারে।

আরও পড়ুন: পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, যেসব বিভাগে বেশি হতে পারে

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, দিনভেদে দেশের বিভিন্ন এলাকায় গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকতে পারে। কিছু এলাকায় আবার প্রায় সারাদিনই রোদের দেখা মিলতে পারে। এতে গরমের অনুভূতিও বাড়তে পারে।

রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। এসব এলাকার বেশ কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর ও নীলফামারী এবং আশপাশের এলাকায় গরম বেশি অনুভূত হতে পারে।

দু-একটি এলাকায় তাপমাত্রা সাময়িকভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃষ্টিপাত কমে এলেও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অন্য অঞ্চলের তুলনায় বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে।

বিডব্লিউওটির হিসাবে, ১৩ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এসব বিভাগের বেশ কিছু জেলায় দিনে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকতে পারে। পাশাপাশি গড়ে ২ থেকে ৪ দিন দুপুর, বিকেল কিংবা রাতে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। তবে এসব বিভাগের অনেক জেলায় ৪ থেকে ৬ দিন বৃষ্টিবিহীন থাকার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা আরও কম থাকতে পারে। এসব অঞ্চলের বেশির ভাগ জেলায় আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে বিরতি দিয়ে মোট ৫ থেকে ৭ দিন পুরোপুরি বৃষ্টিহীন থাকার সম্ভাবনা রয়েছে। হঠাৎ অল্প সময়ের জন্য বজ্রবৃষ্টি হলেও এর আগে ও পরে দিনের বেশির ভাগ সময় রোদ এবং ভ্যাপসা গরম থাকতে পারে। বৃষ্টির প্রবণতা কম থাকায় রোদের ওপর নির্ভর করে প্রয়োজনীয় কাজ করতে চাওয়া মানুষের জন্য সময়টি উপযোগী হতে পারে বলে মনে করছে বিডব্লিউওটি।

বিশেষ করে যেসব কৃষকের ধান কাটার উপযুক্ত হয়েছে, স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ধান কাটার কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাদের পূর্বাভাস অনুযায়ী, মাসের শেষ দিকে দেশে আবারও বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ফলে বর্তমান তুলনামূলক শুষ্ক সময় কাজে লাগানো গুরুত্বপূর্ণ হতে পারে।

দেশের বেশির ভাগ এলাকায় রোদ ও তুলনামূলক ভালো আবহাওয়া থাকায় আগামী কয়েকদিন ভ্রমণের জন্যও সময়টি উপযোগী হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ও হাওরাঞ্চলসহ বিভিন্ন পর্যটন এলাকায় ঘোরাঘুরির জন্য আবহাওয়া অনুকূল থাকতে পারে।

এদিকে সাগরে বর্তমানে একটি লঘুচাপ থাকলেও শনিবার রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সাগরে নতুন করে লঘুচাপ কিংবা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

এমন পরিস্থিতিতে সাগর আবারও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাগরে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।