শেড’র আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

MIZANUR RAHMAN
উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৩
ছবি ছ সংগৃহীত
ছবি ছ সংগৃহীত

উখিয়াতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের ক্যাম্প-৯ সি আই সি অফিস সভাকক্ষে স্থানীয় বেসরকারি সংস্থা শেড এর আয়োজনে মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে।

৯ ও ১০ নম্বর ক্যাম্পের ইনচার্জ সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী ক্যাম্প-ইন-চার্জ হরিচরণ চৌধুরী, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা, গণমাধ্যম প্রতিনিধি, শেড এর উপ পরিচালক জিয়াউর রহমান এবং শেড এর পুষ্টি কর্মসূচির ব্যাবস্থাপক মো. আমির হোসেইন।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি”। এ অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন বক্তারা। তারা বলেন, মায়ের দুধ মহান আল্লাহর দান। এর বিকল্প বা পরিপূরক কোনো কিছুই নেই। শাল দুধ একটি শিশুর জন্য প্রথম টিকা যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। নব জাতককে পুরোপুরি ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর উপর জোর দেন বক্তারা। পাশাপাশি, ৬ মাসের পর থেকে অন্যান্য পারিবারিক খাবারে অভ্যস্ত করার পরামর্শ দেন। বক্তারা আরও বলেন, কর্মক্ষেত্রে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ থাকলে কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে অনুপস্থিতির প্রবণতা কমে যায় ও কাজে মনযোগ বৃদ্ধি পায়। যার ফলে প্রতিষ্ঠান লাভবান হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। শিশুকে সফলভাবে মায়ের দুধ খাওয়াতে পারিবারিক সহায়তার পাশাপাশি সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি।     

অনুষ্ঠানের সভাপতি সরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও তেমন উপকারী। তাছাড়া শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি কম থাকে। 

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেড এর পুষ্টি কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তাসমিয়াহ তানঈম ও শেডের সংশ্লিষ্ট পুষ্টিকেন্দ্রের সুপারভাইজার আশরাফুল ইসলাম। আলোচনা সভা শেষে সিআইসি অফিস প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে অফিস সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেড পরিচালিত ক্যাম্প ৯ এ অবস্থিত পুষ্টি কেন্দ্র-২ এ এসে সমাপ্ত হয়। এ সময় ফিতা কেটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ ও এর সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।