শেষ সময়ের ঈদ কেনাকাটায় উপচেপড়া ভিড়

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৪ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতর এগিয়ে আসার সাথে সাথে রাজধানীর বাজারগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমল, সর্বত্রই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

সোমবার  (৮ এপ্রিল) নিউমার্কেট, বসুন্ধরা সিটি, আড়ং ও যমুনা ফিউচার পার্কে ঘুরে দেখা গেছে, সব শ্রেণিপেশার মানুষ পছন্দমতো কিনছেন পোশাক, জুতা, কসমেটিকস, অলঙ্কারসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র।

আরও পড়ুন: বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

তবে রয়েছে বেশি দাম নেওয়ার অভিযোগও। নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আক্তার হোসেন।

তিনি বলেন, প্যান্ট কিনবো বলে এসেছিলাম। কিন্তু যে দাম শেষ পর্যন্ত কিনতে পারবো কিনা, তার ঠিক নেই। কারণ, অন্য সময়ে যে প্যান্টের দাম থাকে ৫৫০ টাকা তা এখন চাইছে ২২০০ টাকা। এইটা কোন কথা বলেন? একই সুর কলাবাগান থেকে বসুন্ধরা সিটিতে আসা গৃহিনী ফারজানারও।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

তিনি আরও বলেন, দাম অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। তাই সবার জন্য হয়তো কেনাকাটা করা হবে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিক্রেতাদের ভাষ্য, দাম খুব বেশি চাওয়া হচ্ছে না। সবকিছুরই দাম বেড়েছে, সেই সঙ্গে পোশাকেরও। এর বাইরে কিছু না। সরেজমিনে দেখা গেছে, ভিড় শুধু পোশাকের দোকানগুলোতেই না। রয়েছে জুতা, অলংকার ও কসমেটিকসের দোকানেও।

ব্যবসায়ীরা বলছেন, মাসজুড়ে ঈদের কেনাকাটা থাকলেও এখনই এই শেষ মুহুর্তে মূলত উপচে পড়া ভিড় হয় প্রতিবারই। এবারও তাই হয়েছে। সময়-দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে বেচাবিক্রি। আশারাখি, চাঁদ রাত পর্যন্ত এভাবেই জমজমাট বেচাকেনা চলবে।