বগুড়ায় গণশুনানির সময় দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গত ১০ই আগস্ট রবিবার বিকালে টিটু মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় সংস্থার চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছাতে পারেনি।

উক্ত জুতা নিক্ষেপকারী ব্যক্তির নাম ছাকোয়াত হোসেন মণ্ডল। তিনি একজন মৎস্যচাষি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি। গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত সাংবাদিকদের বলেন, “সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন ২ বার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এই আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেলও হয়, আমি জেলে যেতেও প্রস্তুত আছি।”

অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান যে, ওই ব্যক্তি সঠিক পদ্ধতিতে হয়তো আবেদন করেননি, তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ