নিজ বাড়িতে পৌঁছেছে খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ, দাফন সম্পন্ন

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে গিয়ে রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে মরদেহ বহনকারী হেলিকপ্টারটি পলাশবাড়ীর হাসবাড়ী স্কুল মাঠে অবতরণ করে। এদিন রাতেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এসময় মরদেহ গ্রহণ করেন রিংকীর পরিবারের সদস্যরা। পরে অ্যাম্বুলেন্সে মরদেহ পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। এসময় সেখানে এক হৃদয়বিদারক অবস্থার অবতারণা হয়। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিংকীর দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: আপিলও খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

মরদেহ গ্রহণের সময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, মরদেহ গ্রামে পৌঁছে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত রুবিনা আফসানা রিংকীর বাড়ি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার বাবা মোঃ আব্দুর রহমান বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন রিংকী। বড় মেয়েকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। প্রতিবেশী আত্মীয়-স্বজনও শোকে আচ্ছন্ন। মরদেহ পৌঁছার পর তাকে এক নজরে দেখতে ভিড় জমায় নিজ গ্রামসহ প্রতিবেশী গ্রামের শোকাহত মানুষজন। রিংকীর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষাজীবন ও ইতিবাচক চরিত্রকে স্মরণ করছেন এলাকাবাসী।

আরও পড়ুন: নেত্রকোণায় উপ-সহকারী প্রকৌশলী পদে কোটা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

এর আগে, গত বুধবার দুপুরে রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে রিংকী নিহত হন। এই দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আরো ১১ জন শিক্ষার্থী আহত হন। নিহত ও আহত শিক্ষার্থীরা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে মরদেহ গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়।