বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের তিন দিন পর বাতির খাল থেকে মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী)
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের ধাওয়া খেলে তিনি নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দোকান ছিল। মৃত রাসেল খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি