গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, শিক্ষক গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাবালিকা স্কুল শিক্ষার্থী অপহরণের ঘটনায় প্রাইভেট শিক্ষকসহ দু’জনকে নীলফামারী থেকে আটক করেছে র্যাব-১৩। পরে তাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত শিক্ষক শাফিউল (৩০), গোবিন্দগঞ্জ শহরের বিদ্যাকোষ স্কুলের শিক্ষক ও শাখাহার ইউনিয়নের ফেসকা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
সূত্র জানায়, গোবিন্দগঞ্জ বি.এম. বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক নাবালিকা শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে প্রাইভেট শিক্ষক শাফিউল সুকৌশলে ওই শিক্ষার্থীকে নিয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ৩ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
এই মামলার সূত্র ধরে গতকাল ১৫ অক্টোবর (বুধবার) নীলফামারী থেকে আসামি শাফিউল ও ভিকটিম নাবালিকাকে আটক করে র্যাব-১৩-এর একটি দল। পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে জানান, মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর জবানবন্দি গ্রহণ শেষে নাবালিকা ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও এ ঘটনার প্রেক্ষিতে অভিভাবকদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “সন্তানদের পড়াশোনা ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বাইরের কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নজরদারি জরুরি।”





