রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগে দীর্ঘ যানজট

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রড তৈরির কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী থেকে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ দেখা দেয়।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করছেন। বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অনেকে বাকিতে বাজার করে বিপাকে পড়েছেন। দোকানদাররা পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করছেন এবং বাকিতে আর পণ্য দিচ্ছেন না। বাড়িওয়ালারাও বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন।

শ্রমিকদের চাপের মুখে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। তারা ২০ দিনের মধ্যে টাকা পরিশোধের প্রস্তাব দিলে শ্রমিকরা তা মেনে নেননি। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ চালান। দুপুর ১টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৩টা পর্যন্ত অবরোধ চলে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, “শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিশোধের চেষ্টা করেছিলাম, কিন্তু শ্রমিকরা তা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের চেষ্টা চলছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”