গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রাম থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিন ব্যক্তি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা গরু ফেলে দিয়ে জীবন বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। সেখানেই তাদের বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আরও পড়ুন: নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই এএসপি বদলি
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।





