নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Any Akter
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।  রোববার (৯ নভেম্বর) রাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।  আটককৃত ব্যক্তির নাম সৌরভ (২৬)। সে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের ওবায়েদ উল্লাহ'র ছেলে। এসময় তার কাছ থেকে ১০০০ (একহাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আদিল মাহমুদের নেতৃত্বে উপপরিদর্শক হাসান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সৌরভকে গ্রেফতার করতে সক্ষম হন। 

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, মাদক-অস্ত্র উদ্ধার, চুরি-ডাকতি-ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ওইসময় ওই এলাকায় গ্রেফতারকৃত ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। এতে পুলিশের সন্দেহ হলে সে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশি করে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সংক্রান্তে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।