বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহত বীরু মোল্লার ছেলে রাজিব জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেয়। এ নিয়ে বুধবার সকালে বিষয়টি জানতে জহুরুল মোল্লার কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করেন।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
গুলিবিদ্ধ অবস্থায় বীরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন বলেন, ‘আমার দলের একজন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোনো দলীয় বিরোধ নয়, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।’
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘বীরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





