সীমান্তে অবৈধ অনুপ্রবেশে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে তাকে আটক করা হয়। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটককৃত বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতের ১৭৪/অর্জুন ক্যাম্পের সদস্য।

আরও পড়ুন: তুচ্ছ ঘটনা মীমাংসার পরও যুবককে কুপিয়ে হত্যা

সূত্র আরও জানায়, গরু ধাওয়া করার সময় তিনি শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দহগ্রাম ভারতবেষ্টিত এলাকা হওয়ায় বিএসএফ সদস্যরা প্রায়ই উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের বাড়াবাড়ি বন্ধের দাবি জানান।

এদিকে, ৫১ বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না এলেও বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী।