মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত
ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে একটি কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা ভ্যানের ওপর বসে ছিলেন।
দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই এএসপি বদলি





