জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়: রেজাউল করিম
জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়’। রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওই সব ইনসাফ দেখতে চায় না।
আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০
জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত—এই নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্রিত হয়ে হাতপাখায় ভোট দেন।’
আরও পড়ুন: আজিমের গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মেজবাহ, লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল, মুফতি শরীফুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আব্দুজ জাহের আরাফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপ্নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





