লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্র থেকে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিনদিন স্কুল বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুইটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।
আরও পড়ুন: বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, “বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। তিনদিন পর সোমবার এসে দেখি ভোটের জন্য লাগানো দুইটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।”
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচন যেন সুষ্ঠু না হয়, সে জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পিআইবির উদ্যোগে ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, “যারা নির্বাচনে কারচুপি করতে চায় কিংবা ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “বিষয়টি আমার জানা আছে এবং এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।”





