সোনাগাজীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ভোট চাইলেন মিন্টু
স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিতে হবে। তিনি বলেন, আপনাদের একটি ভোট দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
আবদুল আউয়াল মিন্টু বলেন, মহান মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। মুক্তিযুদ্ধের চেতনায় যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ রক্ষার এই লড়াইয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে বিএনপির সুস্পষ্ট ও ব্যাপক পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সেচব্যবস্থা উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, খাল খনন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণসহ রাস্তা-ঘাটের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে। বিশেষ করে সোনাগাজীর চরাঞ্চলের আধুনিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এসব এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পিআইবির উদ্যোগে ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা কমান্ডার খুরশিদ আলম, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আহমদ করিম ও একেএম সলিম উল্যাহ প্রমুখ।





