নরসিংদীতে শিক্ষার্থী মুস্তাকিম হত্যায় ২ জনকে আসামি করে মামলা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে মুস্তাকিম (১৩) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের মা সাহানা বেগম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রায়পুরা থানায় উপস্থিত হয়ে নিহত মুস্তাকিমের মা সাহানা বেগম (৪০) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা হলেন, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে মাসুম মিয়া (৪০) ও মাসুম মিয়ার পিতা মালেক মিয়া (৫০)। এছাড়াও আরও ৪–৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে যৌথবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে পূর্বশত্রুতার জের ধরে হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরশাদ গ্রুপের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানিফ মাস্টারের গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালালে স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিম (১৩) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।