রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি কক্ষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার অন্তত ১০টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে কোরআন, কিতাব, বইপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ধ্বংস হয়ে গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসায়ে নূরে মদীনা’-তে এ অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
ঘটনার সময় মাদ্রাসায় অবস্থানরত শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান বাংলাবাজার পত্রিকাকে জানান, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত: মেজর সাজ্জাদ
তিনি আরও জানান, আগুনে মাদ্রাসার লাইব্রেরিসহ একাধিক কক্ষে থাকা কোরআন, কিতাব, পাঠ্যবই, টেবিল, চেয়ার, ফ্যানসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





