কুলাউড়ায় ডা. শফিকুর রহমানের জনসভা ঘিরে জামায়াতের ব্রিফিং
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী জানান, আগামী ৭ ফেব্রুয়ারি কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় মহাজোটের উদ্যোগে এক বৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা, জামায়াতের আমির ও কুলাউড়ার সন্তান ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পিআইবির উদ্যোগে ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
তিনি বলেন, সিলেট বিভাগ বিশেষ করে কুলাউড়া উপজেলা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫৪ বছরে কুলাউড়া থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হলেও কোনো মন্ত্রী পাওয়া যায়নি, যা এলাকার মানুষের জন্য হতাশাজনক। ১১ দলীয় জোট রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কুলাউড়া ও সিলেট অঞ্চলের অবহেলিত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস নোমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলা সভাপতি মো. ফারুক উদ্দিন আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহ আলম সরকার, উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।





