নরসিংদীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৭ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে জেলার ৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

সকাল সাড়ে ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হলে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। নরসিংদী পৌরসভার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ–১ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার জয়

ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

এদিকে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে কাজ করছেন। সকাল থেকেই এ পর্যন্ত নরসিংদীর কোনো কেন্দ্রে কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভুয়া এজেন্ট সেজে ভোট কেন্দ্রে অবস্থান, জামায়াত নেতাসহ ১২ জনের সাজা

জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, ‘সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অভিযোগ নেই। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর প্রমাণ দীর্ঘ লাইন। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণ ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে বেছে নেবে। 

অপরদিকে জামায়াতে ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম ভূঞা বলেন, দুই-একটি কেন্দ্রে জাল ভোটের খবর পাওয়া গেছে। ভোট কেন্দ্রে আমাদের এক কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাসাইল মহিলা ভোট কেন্দ্রের এক মহিলা ভোটার ভোট দিতে গেলে তার ভোট দেওয়া হয়ে গেছে বলে এমন অভিযোগ তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের কাছে। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে কি'না জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীর  নিরাপত্তা ব্যবস্হা সম্পর্কে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।  

উল্লেখ্য, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর ৫টি আসনের ৬টি উপজেলার ৭১টি ইউনিয়ন ও ৭টি পৌরসভার ৬৬৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৬ জন ভোটার রয়েছেন।