‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে বিএনপির ৫১ দফার নির্বাচনি ইশতেহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রায় দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে দেশের জন্য কী কী কর্মসূচি বাস্তবায়ন করবে—তার রূপরেখা জাতির সামনে তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে ৯টি অগ্রাধিকার খাতকে সামনে রেখে ৫১ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে "ফার্স্ট এইড বক্স" উপহার পেলেন সিএনজি চালানো ছাত্রদল নেতা
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানটি পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আরও পড়ুন: জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটি তার নেতৃত্বে দলের প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।
এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় তিনিই দলের প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ওই নির্বাচনে ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি।





