নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বিপুল ভোটে জয়
ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বিপুল ভোটে জয়লাভ করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা গেছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে তাঁর বাড়িতে এসে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বিজয় উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে তাঁর নিজ বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো বাড়ির প্রাঙ্গণ আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।
আরও পড়ুন: কুলাউড়ায় প্রথমবারেই চমক দেখালেন ধানের শীষের শকু
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ-সভাপতি আশরাফুল হক রিপন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল রকি, তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, এই বিজয়ের মাধ্যমে রূপগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা নতুন করে জাগ্রত হয়েছে। শান্তিপূর্ণ রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি মানুষের আস্থাই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এই বিজয়ের ধারাবাহিকতায় রূপগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: ৪৭ বছরের দেয়াল ভেঙ্গে শ্রীপুরের সন্তানের সংসদযাত্রা
নেতাকর্মীদের মতে, এটি কেবল একটি নির্বাচনী সাফল্য নয়, বরং রূপগঞ্জবাসীর আস্থা ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে তৃণমূলের ঐক্যকে শক্ত ভিত্তি করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মধ্য দিয়েই জনস্বার্থভিত্তিক রাজনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর দেশের মানুষ আবার গণতন্ত্রের স্বাদ পেয়েছে। এই বিজয় কোনো একক ব্যক্তির নয়—এটি গণতন্ত্রের জয় এবং তারেক রহমানের নেতৃত্বে চলমান সংগ্রামেরই প্রতিফলন। তিনি বলেন, গণতন্ত্র সুদৃঢ় হলে দেশজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। দল-মত ও ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবিচল ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বেঁচে থাকলে এই বিজয়ের আনন্দ আরও বহুগুণে বেড়ে যেত বলেও মন্তব্য করেন।





