ঈশ্বরগঞ্জে ধানের শীষে ভোট: স্ত্রীকে তালাক দিলেন স্বামী

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর গ্রামের ফরিদ মিয়া তার স্ত্রী তাছলিমা (২৩)-কে জামাত জোট এলডিপির ‘ছাতা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য বলেন। কিন্তু তাছলিমা ধানের শীষ প্রতীকে ভোট দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই রাতেই ফরিদ মিয়া তাকে মারধর করেন এবং মৌখিকভাবে তালাক দেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী তাছলিমা বলেন, “আমি ধানের শীষে ভোট দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করা হয় এবং অন্যায়ভাবে মৌখিক তালাক দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

স্থানীয় একাধিক সূত্র জানায়, ফরিদ মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তবে আঠারবাড়ী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “ফরিদ আমাদের দলের সমর্থক। কিন্তু তিনি দলের কোনো পদে নেই।”

ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে অভিযুক্ত ফরিদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।