শ্রীপুরে গাছে গাছে আমের মুকুলে ভরপুর, কয়েকদিনের মধ্যে মিলবে গুটি

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
গাছে গাছে মুকুল মুকুলে ভরপুর। ছবিঃ সংগৃহীত
গাছে গাছে মুকুল মুকুলে ভরপুর। ছবিঃ সংগৃহীত

পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার আয় ছেলেরা, আয় মেয়েরা / ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে / মামার বাড়ে যাই। ঝড়ের দিনে মামার দেশে / আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে / রঙিন করি মুখ...।’

পল্লীকবির কবিতার পঙক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ।

আরও পড়ুন: আরিফা জেসমিনকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুরে বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ, যা মানুষের মনকে বিমোহিত করছে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল, কয়েকদিনের মধ্যে মিলবে আমের গুটি।

উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবল মুকুল। এ যেন হলুদ ও সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।

আরও পড়ুন: উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে অবৈধভাবে খাস জমি থেকে মাটি উত্তোলন

গাছের মালিকেরা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ-বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা। তারা আরও জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এ বছর ভালো পরিমাণে আম পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, এ অঞ্চলে বাণিজ্যিক আম বাগানের পরিমাণ খুবই কম। তবে সব বাড়িতেই প্রয়োজনীয় আমগাছ রয়েছে। এসব গাছে আমের গুটি আসার পরেই পরপর দুই বার ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে গুটি আম ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি গাছের আম পোকামুক্ত থাকবে। ফলের আশানুরূপ ফলনও পাওয়া যাবে। এ উপজেলায় ১,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে।