রাজশাহীর চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় দ্বন্দ্বের জেরে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি (বিএনপি)-র রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ-এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জল-এর সমর্থক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে ভুল, বিপাকে পরীক্ষার্থীরা

জলসা আয়োজন ঘিরে বিরোধ

চারঘাট থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ইসলামী জলসার আয়োজন নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ জানানো হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অন্য পক্ষ এমপি আবু সাইদ চাঁদকে প্রস্তাব করলে তর্কাতর্কি শুরু হয়। পরে বৈঠক ভেঙে যায়।

আরও পড়ুন: প্রশাসনিক বৈষম্যের শিকার ছয় গ্রাম, কবীর ভূঁইয়ার একটি আবেদনেই নড়ে উঠল মন্ত্রণালয়

তারাবির পর হামলার অভিযোগ

পুলিশ জানায়, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে এরশাদ আলীকে আটকে রাখা হয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তার বাড়ির পাশেই ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ এর মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।