জাহাঙ্গীর ফিরোজের রাজনৈতিক দর্শন: সহনশীলতা ও গণতন্ত্র

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, সোনাগাজী (ফেনী)
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১২ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর ফিরোজ সম্প্রতি ফেসবুকে তার রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি লিখেছেন, “রাজনীতিতে সহাবস্থান, সহিষ্ণুতা ও সম্প্রীতি অপরিহার্য। আমাদের দেশে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলের মধ্যে মন্থর হলেও নতুন একটি ইতিবাচক সুর শোনা যাচ্ছে, যা আমাদের চোখে, মুখে ও অন্তরে আশা জাগায়। দলের অভ্যন্তরে বা দলগুলোর মধ্যে প্রতিহিংসা, বৈরিতা বা শত্রুতার জায়গা নেই; বরং থাকতে হবে সুস্থ প্রতিযোগিতা ও সংহত প্রতিদ্বন্দ্বিতা। সমাজ ও রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সুস্থ রাজনৈতিক চর্চার বিকল্প নেই।”

জাহাঙ্গীর ফিরোজ সোনাগাজীর কৃতি সন্তান, মরহুম ইঞ্জিনিয়ার ছিদ্দিক আহমেদের দ্বিতীয় সন্তান। তাঁর পৈত্রিক নিবাস ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনের খিল গ্রামে। গত ২৪ বছর ধরে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করছেন। শিক্ষাজীবনে মেধাবী ছাত্র ছিলেন তিনি; পরে দেশে ও বিদেশে উচ্চশিক্ষা অর্জন করেছেন। শিক্ষকতা, প্রশিক্ষণ, ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদ ও আর্থিক লেনদেনের প্রমাণ, ফেরত চাওয়া প্রায় ৯০ কোটি টাকা

একাধারে কবি, লেখক, আবৃত্তিশিল্পী, ইংরেজি ও বাংলা ভাষার প্রশিক্ষক, বিজনেস কনসালট্যান্ট এবং ব্রিটিশ রাজনীতিবিদ হিসেবে পরিচিত জাহাঙ্গীর ফিরোজ People’s Aid International-এর চেয়ারম্যান। এই মানবিক সংস্থার মাধ্যমে তিনি দেশের বিভিন্ন জেলা—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া—এবং নেপাল ও ভারতের বিভিন্ন স্থানে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত।

ফেসবুক পোস্টে জাহাঙ্গীর ফিরোজ আরও উল্লেখ করেছেন, “ব্রিটেনে আমরা একটি পরিপক্ব, সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যক্ষ করি। এখানে প্রতিদ্বন্দ্বিতা এবং সুস্থ প্রতিযোগিতা থাকলেও সকল দল একে অপরের প্রতি সম্মান বজায় রাখে এবং প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনে চলে। আমরা চাই বাংলাদেশেও এমন একটি পরিণত, সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক।”

আরও পড়ুন: কুলাউড়ায় হাসপাতালের সংকট সমাধানে এমপি শকুর আশ্বাস

তার এ মনোভাব প্রমাণ করে যে, রাজনৈতিক নেতৃত্ব শুধু ক্ষমতার দখল নয়, বরং সমাজের কল্যাণ এবং শান্তিপূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আসা উচিত। শুভানুধ্যায়ীরা মনে করছেন, লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জাহাঙ্গীর ফিরোজ স্থানীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে ইতিবাচক উদাহরণ স্থাপন করবেন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবেন।