ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তল্লাশিতে দেশীয় অস্ত্র উদ্ধার, শ্রীপুরে নিরাপত্তা জোরদার

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে নিয়মিত টহল চলাকালে মাওনা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করে সড়কের একটি স্থানে তল্লাশি চালান। এ সময় ২টি রামদা, ১টি বড় ছুরি, ১টি জিআই পাইপ, ১টি টর্চলাইট, ১টি ফিচার ফোন ও ২টি জ্যাকেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

অভিযানে মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ দাসসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

তিনি আরও বলেন, “মহাসড়কে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।