মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: আশুলিয়ায় জ্বালানি সংকট

পেট্রোল না পেয়ে বন্ধ একাধিক ফিলিং স্টেশন, বিপাকে মোটরসাইকেল চালকরা

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে। এরই মধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ায় পেট্রোলের সংকট দেখা দেওয়ায় একাধিক ফিলিং স্টেশন বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা।

শনিবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পেট্রোলের সরবরাহ না থাকায় বেশ কয়েকটি ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে নবীনগর ফিলিং স্টেশন, আজিজ ফিলিং স্টেশন এবং টিএস ফিলিং স্টেশন। এসব পাম্পে “তেল নেই” লেখা নোটিশ টানিয়ে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: আজিমের গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

পাম্প সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ধরে পেট্রোলের সরবরাহ স্বাভাবিক নেই। নির্ধারিত সময়েও জ্বালানি না আসায় তারা বিক্রি চালিয়ে যেতে পারছেন না। ফলে অনেক স্টেশন বাধ্য হয়ে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে।

এদিকে হঠাৎ জ্বালানি সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। সকাল থেকে বিভিন্ন পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই পেট্রোল না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে কর্মস্থলে যাতায়াতসহ দৈনন্দিন কাজকর্মে মারাত্মক বিঘ্ন ঘটছে।

আরও পড়ুন: চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষকরা

টিএস ফিলিং স্টেশন-এ তেল নিতে আসা মনিরুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু পাম্পে ‘তেল নাই’ লেখা পোস্টার লাগানো। কখন তেল আসবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেল চালক জ্বালানির আশায় ভিড় করছেন। অনেকেই পাম্পের সামনে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছেন পেট্রোলের খোঁজে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে। সামনে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। তখন দূরপাল্লার যানবাহনসহ গণপরিবহন চলাচলেও বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল ও যানবাহন চলাচল করে। জ্বালানির সরবরাহ ব্যাহত হলে শুধু ব্যক্তিগত যানবাহন নয়, পণ্য পরিবহনেও প্রভাব পড়তে পারে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।