রাজশাহীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১
রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে সাঁকোয়া গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জিএএম আব্দুল আওয়াল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ নিয়ে তারাবির নামাজের আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার
সভায় নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, সংঘর্ষে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।





