শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের দুই মাসের কারাদণ্ড

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা না পেয়ে নিজ বাবাকে ঘরের ভেতরে বেঁধে মারধরের অভিযোগে ছেলে রাসেল সরদারকে (৩০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের মাসুম সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে ছেলের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে তার বাবা-মা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, রাসেল সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করত। সোমবার (৯ মার্চ) আবারও বাবার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরের ভেতরে বেঁধে মারধর করে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০

বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাসেলকে হাতেনাতে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

আজ মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মাদকাসক্ত রাসেল মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবা-মাকে নির্যাতন করত। গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।